![]() |
| Advertisement |
![]() |
গণ–অভ্যুত্থানে আহতদের মিরপুর সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ |
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তা বন্ধ করে দেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। এখানে গতকাল শনিবার সন্ধ্যা থেকেই তাঁরা অবস্থান নিয়েছিলেন বলে জানান।
সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবন, ২৫০ শয্যার টিবি হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন আহতেরা। এসব এলাকা দিয়ে যানবাহন যেতে দেওয়া হয়নি। রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে দেখা দেয় যানজট।
এদিকে দুপুরে মিরপুর সড়কও অবরোধ করেন আহতেরা। আহতদের একজন সাব্বির বলেন, আজকে পর্যন্ত তাঁরা পরিস্থিতি দেখবেন। যদি কেউ না আসে, দাবি না মানে তাহলে আগামীকাল তাঁরা সচিবালয়ের দিকে যাবেন।
বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুমেলার সামনে মিরপুর সড়কে অবস্থান নিয়েছে আহতেরা। এতে সড়কের সবদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
চিকিৎসাসেবা ঠিকমতো পাচ্ছেন না—এমন অভিযোগ করে গতকাল রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরে বিক্ষোভ দেখান জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত এই ব্যক্তিরা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। রাতেও বিক্ষোভ চলে।
সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কবির হোসেন। আন্দোলনের সময় তাঁর চোখে গুলি লেগেছিল। কবিরের বাড়ি মিরপুর–১১–তে। তিনি বলছিলেন, তাঁর চোখে সমস্যা আছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালেই ছিলেন। তবে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় গেলেই অসুখ বেড়ে যায়। হাসপাতালে এলে একটা ড্রপ ও ব্যথার ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর সুচিকিৎসা দরকার।



0 Comments: